ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ

তানিশা আক্তার
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ

খাদ্য মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা। বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, তেমনি দরকার খাদ্য। খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, কোনো জাতি টিকে থাকতে পারে না। তাই একটি দেশের জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি দায়িত্ব। খাদ্য নিরাপত্তা মানে শুধু গোলায় ধান থাকা নয়। এর মানে হলো দেশের প্রতিটি মানুষের জন্য সারা বছর পর্যাপ্ত পরিমাণে নিরাপদ, পুষ্টিকর এবং সাশ্রয়ী মূল্যে খাদ্য পাওয়া নিশ্চিত করা। একজন ধনী মানুষ যেমন খাবার পাবে, একজন গরিব দিনমজুরও যাতে ঠিক তেমনভাবেই খাবার কিনতে পারে, সেটাই হলো আসল খাদ্য নিরাপত্তা। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ।

আমাদের দেশের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। আমাদের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কিন্তু শুধু কাঁচা ফসল উৎপাদন করে খাদ্য নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য দরকার কৃষিভিত্তিক শিল্পের বিকাশ। কৃষিভিত্তিক শিল্প বলতে আমরা বুঝি, কৃষি থেকে উৎপাদিত কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য ও শিল্পপণ্য তৈরি করা। যেমন ধান থেকে- চাল, আটা, চিড়া, মুড়ি তৈরি; দুধ থেকে ঘি, মাখন, দই, পনির, গুঁড়া দুধ তৈরি; ফল থেকে- জুস, জ্যাম, জেলি, আচার তৈরি; মাছ ও মাংস থেকে প্রক্রিয়াজাত খাবার তৈরি; পাট থেকে- ব্যাগ, আখ থেকে চিনি, তুলা থেকে সুতা ও কাপড় তৈরি।

এ শিল্পের বিকাশ ছাড়া আমরা খাদ্যকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারব না, অপচয় কমাতে পারব না, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারব না। তাই খাদ্য নিরাপত্তার সঙ্গে কৃষিভিত্তিক শিল্পের সম্পর্ক অত্যন্ত গভীর। কৃষিভিত্তিক শিল্প পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে। শুধু পেট ভরলেই খাদ্য নিরাপত্তা হয় না, পুষ্টি পেতে হবে। শুধু ভাত খেয়ে পেট ভরলেও শরীরে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রনের অভাব থেকে যায়। কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে আমরা ফর্টিফাইড খাবার, শিশু খাদ্য, প্রোটিনসমৃদ্ধ খাবার, ভিটামিনযুক্ত বিস্কুট, দুগ্ধজাত পণ্য তৈরি করতে পারি। এতে শিশু, গর্ভবতী মা, বয়স্কদের পুষ্টির ঘাটতি পূরণ হয়। আমাদের দেশে এখনও অনেক শিশু অপুষ্টিতে ভোগে, অনেক মা রক্তশূন্যতায় ভোগে। অপুষ্টি দূর না হলে একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব নয়। পুষ্টিকর প্রক্রিয়াজাত খাবার এই সমস্যার বড় সমাধান হতে পারে।

আমদানি নির্ভরতা কমাতে কৃষিভিত্তিক শিল্প জরুরি। আমরা এখনও অনেক খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করি। যেমন গুঁড়া দুধ, চকলেট, জুস, বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার, এমনকি পেঁয়াজ, রসুন, ডাল পর্যন্ত। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা চলে যায়। অথচ আমাদের দেশে দুধ, আম, কলা, কাঁঠাল, আনারস, মাছ প্রচুর পরিমাণে উৎপাদন হয়। যদি আমরা নিজের দেশেই এসব পণ্য তৈরি করতে পারি, তাহলে আমদানি কমবে, দেশের টাকা দেশেই থাকবে। আবার আমাদের উৎপাদিত মানসম্মত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনও করা সম্ভব হবে। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং খাদ্য সংকটের সময় অন্য দেশের ওপর নির্ভর করতে হবে না।

স্বনির্ভরতাই হলো আসল নিরাপত্তা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষিভিত্তিক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি।

বন্যা, খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টির কারণে প্রায়ই ফসল নষ্ট হয়। এক মৌসুমে ফসল নষ্ট হলে পরের মৌসুম পর্যন্ত মানুষকে কষ্টে থাকতে হয়। কিন্তু যদি আমাদের শক্তিশালী খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প থাকে, তাহলে ভালো মৌসুমের উদ্বৃত্ত খাদ্য সংরক্ষণ করে খারাপ সময়ে ব্যবহার করা যাবে। শুকনো খাবার, হিমায়িত খাবার, টিনজাত খাবার দুর্যোগের সময় মানুষের জীবন বাঁচাতে পারে। এতে জলবায়ু সংকটেও খাদ্য নিরাপত্তা বজায় থাকবে। এছাড়া নারীর ক্ষমতায়নেও এই শিল্পের ভূমিকা অনেক। গ্রামের নারীরা ঘরে বসে আচার, পিঠা, শুকনো খাবার তৈরি করে বিক্রি করতে পারেন। এতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।

তবে এজন্য সরকার, বেসরকারি উদ্যোক্তা এবং সাধারণ মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে। গ্রামে সহজ শর্তে ঋণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ভালো সড়ক যোগাযোগ, কোল্ড স্টোরেজ, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। কৃষকদের আধুনিক চাষাবাদ ও সংরক্ষণ পদ্ধতি শেখাতে হবে।

ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনে কঠোর নজরদারি রাখতে হবে। ভেজাল খাবার দিয়ে খাদ্য নিরাপত্তা কখনোই নিশ্চিত হবে না।

কৃষি ছাড়া শিল্প বাঁচে না, আর শিল্প ছাড়া কৃষি টেকে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের কৃষিকে শুধু মাঠে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাকে শিল্পে রূপান্তর করতে হবে। কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটলেই কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, মানুষের পেটে খাবার জুটবে। তাই এখনই সময় কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সবার সম্মিলিত উদ্যোগ নেওয়ার। এটাই হবে আগামীর বাংলাদেশের টেকসই খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি।

লেখক : শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত