ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বৃক্ষহীন শহর যেন বিপন্ন জীবন

লামিয়া ইসলাম
বৃক্ষহীন শহর যেন বিপন্ন জীবন

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ যখন চোখের সামনে কাটা গাছের স্তূপ দেখতে পাই, তখন বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়েছিলাম 'গাছ আমাদের পরম বন্ধু'। বন্ধু মানেই তো পরম আপনজন, আমাদের অস্তিত্বের অংশ। তাহলে কীভাবে আমরা এতটা নির্দয় হয়ে নিজেদের পরম বন্ধুকে এভাবে কুপিয়ে হত্যা করছি? কীভাবে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে নিজেদের জীবনকেই ঠেলে দিচ্ছি চরম বিপন্নতার দিকে?

উন্নয়নের মাপকাঠিতে আমাদের শহরগুলো দিন দিন উন্নতি হচ্ছে। মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বড় বড় দালান,প্রশস্ত হচ্ছে পিচঢালা রাস্তাঘাট, গড়ে উঠছে নতুন নতুন শিল্প কারখানা ও আবাসন প্রকল্প। সাথে প্রযুক্তির ব্যবহার তো ক্রমাগত বেড়ে যাচ্ছে। কিন্তু এই তথাকথিত আধুনিকতা ও যান্ত্রিক উন্নয়নের আড়ালে আমরা নীরবে হারিয়ে ফেলছি আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় ও অপরিহার্য অবলম্বন সবুজ প্রকৃতি। ইট, বালু, সিমেন্ট আর কংক্রিটের এই বিশাল নগরে আজ বৃক্ষের বড়ই আকাল।

পরিবেশবিজ্ঞানীদের মতে, একটি আদর্শ ও বাসযোগ্য শহরের মোট আয়তনের অন্তত ২০ থেকে ২৫ শতাংশ সবুজ বা বনাঞ্চল থাকা প্রয়োজন। অথচ আমাদের রাজধানী ঢাকা কিংবা দেশের অন্যান্য দ্রুত বর্ধনশীল শহরগুলোর দিকে তাকালে এক হতাশাজনক চিত্র ফুটে ওঠে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকার সবুজ আচ্ছাদন আশঙ্কাজনকভাবে কমে মাত্র ৭ থেকে ৮ শতাংশের নিচে নেমে এসেছে। উন্নয়ন প্রকল্পের নামে, রাস্তা প্রশস্তকরণের অজুহাতে, ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনে কিংবা আবাসন, ব্যবসার প্রসার ঘটাতে নির্বিচারে ও অপরিকল্পিতভাবে কাটা হচ্ছে বহু বছরের পুরনো সব বৃক্ষ। একটি পূর্ণবয়স্ক গাছ কাটতে করাতের মাত্র কয়েক মিনিট সময় লাগে, কিন্তু সেই গাছটি চারা থেকে বড় হয়ে মানুষকে ছায়া, শীতলতা ও বিশুদ্ধ অক্সিজেন দিতে সময় নেয় কয়েক দশক। দুর্ভাগ্যজনকভাবে, আমরা উন্নয়নের নেশায় সেই দীর্ঘমেয়াদি ক্ষতির হিসাবটা বেমালুম ভুলে যাচ্ছি। বৃক্ষহীনতার এই ভয়াবহ প্রভাব এখন শুধু পরিবেশ বিজ্ঞানীদের সেমিনার বা গবেষণাপত্রের বিষয় নয়, বরং আমরা প্রতিটি মুহূর্তে টের পাচ্ছি। এর সবচেয়ে নির্মম রূপ দেখা যায় গ্রীষ্মকালে। গাছপালা না থাকায় শহরের তাপমাত্রা যেন এক অসহনীয় জ্বলন্ত আগুনের গোল্লায় পরিণত হয়। প্রচণ্ড তাপপ্রবাহে বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি, ব্যাহত হচ্ছে শ্রমজীবী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং কমছে কর্মক্ষমতা। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসির ব্যবহার বাড়ার ফলে একদিকে যেমন বিদ্যুতের ওপর চাপ বাড়ছে, অন্যদিকে বাইরের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে।তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষহীন শহর আমাদের উপহার দিচ্ছে বিষাক্ত বাতাস। গাছপালা প্রাকৃতিক ছাঁকনি হিসেবে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড, ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকর গ্যাস শোষণ করে নেয়। কিন্তু গাছের অভাবে আজ আমাদের শহরগুলোর বাতাস ভারী হয়ে উঠছে বিষাক্ত ধোঁয়া ও ধূলিকণায়। বায়ুদূষণের বৈশ্বিক সূচকে ঢাকা প্রায়ই শীর্ষস্থানে অবস্থান করছে। এর সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপর। শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, অ্যালার্জি ও ফুসফুসের নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও। চিকিৎসকদের মতে, দূষিত বায়ুর কারণে মানুষের গড় আয়ু কমে যাচ্ছে এবং হৃদরোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যাচ্ছে। শুধু শারীরিক স্বাস্থ্য বা পরিবেশগত বিপর্যয়ই নয়, বৃক্ষহীন শহর নীরবে কেড়ে নিচ্ছে আমাদের মানসিক প্রশান্তিও। সবুজের সান্নিধ্য মানুষের মনকে প্রফুল্ল রাখে, চোখের ক্লান্তি দূর করে এবং মানসিক চাপ কমায়। কংক্রিটের খাঁচায় বন্দি যান্ত্রিক নগরবাসীর জীবনে আজ সেই প্রশান্তির জায়গাটুকুও সংকুচিত হয়ে আসছে। শহরের পার্ক ও উদ্যানগুলো সংকুচিত হয়ে যাওয়ায় শিশুদের খেলাধুলা ও প্রকৃতির সঙ্গে মেশার সুযোগ ফুরিয়ে যাচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। একইসঙ্গে হারিয়ে যাচ্ছে শহরের চেনা পাখি, প্রজাপতি ও ক্ষুদ্র জীববৈচিত্র্য, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ বিপন্ন অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো শহরকে আবার সবুজে ফিরিয়ে আনা। তবে কেবল বছরে একদিন বিশ্ব পরিবেশ দিবসে আনুষ্ঠানিকতা করে বা ফটোসেশনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে দায় সারলে চলবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি, বিজ্ঞানসম্মত ও টেকসই নগর পরিকল্পনা। যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত প্রভাব যাচাই বাধ্যতামূলক করতে হবে এবং গাছ না কেটে কীভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায়, সেই পথ খুঁজতে হবে। শহরের প্রতিটি ফাঁকা জায়গায়, রাস্তার ডিভাইডারে, ফুটপাতের পাশে, খালের পাড়ে এবং পার্ক ও খেলার মাঠে পরিকল্পিতভাবে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে। বিদেশি বা পরিবেশের জন্য ক্ষতিকর প্রজাতির গাছ পরিহার করে আমাদের জলবায়ুর সাথে মানানসই গাছ নির্বাচন করা জরুরি। শুধু গাছ লাগালেই চলবে না, সেগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। শহরের জায়গার স্বল্পতাকে অজুহাত না বানিয়ে বিকল্প উপায় খুঁজে নিতে হবে। বাড়ির ছাদ, বারান্দা, সিঁড়ির কোণা কিংবা অফিসের আঙিনায় ছাদবাগান গড়ে তোলার মাধ্যমে আমরা ব্যক্তিগত পর্যায় থেকেই সবুজায়নে বড় ভূমিকা রাখতে পারি। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করতে হবে, যাতে নতুন প্রজন্ম প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে বেড়ে ওঠে।

প্রকৃতি কখনো প্রতিশোধ নিতে ভোলে না। গাছ আমাদের ছাড়া দিব্যি বেঁচে থাকতে পারলেও, গাছ ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব একেবারেই অসম্ভব। আমরা যদি আজই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে কেন আমরা তাদের জন্য এমন এক মৃতপ্রায় শহর রেখে গেলাম! তাই কংক্রিটের জঞ্জাল সরিয়ে সবুজকে ফিরিয়ে আনাই হোক আমাদের আগামীর অঙ্গীকার। প্রতিটি নাগরিকের হাত ধরে শহরে ফিরে আসুক হারানো সবুজ, বেঁচে থাকুক প্রকৃতি, বেঁচে থাকুক জীবন।

লেখক : শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত