
বিনোদন জগতের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী বর্তমানে কানাডায় অবস্থান করছেন। সেখানে বসেই কণ্ঠ দিচ্ছেন নতুন সব গানে। বর্তমান ব্যস্ততাসহ নানা বিষয়ে ‘হ্যালো’ বিভাগে কথা বলেছেন এ সংগীতশিল্পী। ক্লাস নাইনে পড়ার সময় তার প্রথম অ্যালবাম ‘হে যুবক’ বাজারে আসে, যেটা বিপুল জনপ্রিয়তা পায়। আধুনিক ছাড়াও তিনি গেয়েছেন ফোক ধাঁচের গান। তার একক অ্যালবামের সংখ্যা ১৫টি। ডলি সায়ন্তনী বলেন, এখানে প্রায়ই আমার শো থাকে, সেগুলোয় পারফর্ম করি। প্রথম যখন আসি, বুঝতে পারিনি লম্বা সময় থাকব। যখন বুঝলাম, তখন বাংলাদেশ থেকে হারমোনিয়াম ও গানের খাতা আনিয়েছি। গানের রেওয়াজ নিয়মিত করছি। তিনি বলেন, কানাডায় আছি বলে যে গান রেকর্ড করছি না, এমনও নয়। এখানে থেকেই আমি নতুন সব গানে কণ্ঠ দিচ্ছি। আমার বাসার কাছেই স্টুডিও রয়েছে। সেখান থেকে গান রেকর্ড করে দেশে পাঠিয়ে দিই। এভাবেই সময় কাটছে। দেশ থেকে দূরে আছি এটা বুঝতেই পারছি না। সবসময় দেশের সঙ্গে আমার কানেক্ট রয়েছে বলে জানান এ সংগীতশিল্পী। বলছিলেন শো করছেন, দেশের মতো কি সেখানে সাড়া পান? এমন প্রশ্নের উত্তরে ডলি সায়ন্তনী বলেন, কানাডায় এর আগেও অনেক শো করার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি বেশ উপভোগ করি। কারণ এখানে গান শুরু করার পর মুখটুকু গাইলে আর গাইতে হয় না, শ্রোতা-দর্শকই মিউজিকের তালে তালে বাকি গান গেয়ে দেন।