
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম ও তারান্নুম নাবিলার ভালোবাসায় মোড়ানো গান ‘ভালো থাকে মন’। এর ভিডিওতে খুনসুটিতে মেতে প্রেমের আবেগ-অনুভূতি ফুটিয়ে তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। ইউটিউবে ডেডলাইন মিউজিক চ্যানেলে ভিডিও আকারে প্রকাশিত হয়েছে ‘ভালো থাকে মন’। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, ‘এটি একটি নিরেট প্রেমের গান। গীতিকবি ও সুরকার দারুণ কথামালা ও সুরে এটি সাজিয়েছেন। গানটি শ্রোতাদের মনে দোলা দেবে বলেই আমার বিশ্বাস।’ ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম।