
‘আমরা যেন আমাদের ভারে দেশটাকে ভারাক্রান্ত না করে ফেলি। সবাই যেন দেশটাকে ভালোবাসি’- বিশেষ সম্মাননায় সিক্ত হয়ে এমন কথা বলেছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার বিশেষ সম্মাননা জানানো হয়েছে একুশে পদক পাওয়া এই সংগীতশিল্পীকে। সম্মাননা গ্রহণ করে নিজের মনের কথা তুলে ধরেন হাদী। ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানের শুরুতেই সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও অবদানের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর মঞ্চে আনুষ্ঠানিকভাবে বরণ করে সম্মাননা জানানো হয় হাদীকে। তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
সম্মাননা স্মারক গ্রহণ করে হাদী বলেন, “আমি কিছুটা বিব্রতও হয়েছি। এই জন্য যে আমি এতটা যোগ্য নই। আমার প্রতি আপনারা যে প্রশংসা বাক্য উচ্চারণ করলেন, আমি তার প্রতিদানে কী দিই? আমার তো দেওয়ার তেমন কিছু নেই।”