
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণে কথা বলার শক্তি হারিয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ কাজ করছে। গতকাল রোববার সামাজিক মাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন অমি। পোস্টে নির্মাতা লিখেছেন, ‘আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখনও কথা বলতে পারছি না। তবে সুস্থ হওয়ার চেষ্টা করছি। আরও তিন দিন পর পরিস্থিতিটা পরিষ্কারভাবে বুঝতে পারব।’ কথা বলতে না পারা অত্যন্ত যন্ত্রণাদায়ক উল্লেখ করে অমি বলেন, ‘কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন তা এখন বুঝতে পারছি। দয়া করে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমি আবার কথা বলতে চাই। আমি জোরে কথা বলতে চাই। আমি আবারও অ্যাকশন বলতে চাই।’ অসুস্থতার সময় সন্তানের সঙ্গে কথা বলতে না পারার বেদনায় কাঁদছে নির্মাতার মন। অমির কথায়, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার ছেলের সঙ্গেও কথা বলতে পারছি না। আমি তাকে আবারও পাপা বলে ডাকতে চাই।’সবশেষে নির্মাতা লিখেছেন, ‘আপনাদের সবাইকে ভালোবাসি। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’ কাজল আরেফিন অমির পোস্টের পর সামাজিক মাধ্যমে তার সহকর্মী, অভিনয়শিল্পী এবং ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করছেন।