ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

টম হল্যান্ডের বড় চমক

টম হল্যান্ডের বড় চমক

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে সিনেমাটি মুক্তির আগেই বিশ্বজুড়ে থাকা এর ভক্তদের জন্য এক দারুণ চমক নিয়ে হাজির হলেন হলিউড তারকা টম হল্যান্ড। সিনেমাটির প্রচারণায় পুরো টিমকে সঙ্গে নিয়ে একটি বিশাল বৈশ্বিক সফরে বের হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল সোমবার ‘স্পাইডার-ম্যান’ সিনেমার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় টম হল্যান্ড নিজেই এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেন। আর এই ঘোষণার পর থেকেই মার্ভেল অনুরাগীদের মাঝে উদ্দীপনা তুঙ্গে। ভিডিও বার্তায় উচ্ছ্বসিত টম হল্যান্ড বলেন, ‘সবাই কেমন আছেন? আমি টম বলছি। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার জন্য আমরা এক বিশাল বৈশ্বিক সফরে বের হচ্ছি। সারাবিশ্বের ভক্তদের সঙ্গে দেখা করতে এবং সবাই মিলে একসঙ্গে স্পাইডার-ম্যান উদযাপন করতে আমি আর অপেক্ষা করতে পারছি না।’ এদিন শুধু সফরের ঘোষণাই দেননি হল্যান্ড, বরং ভক্তদের সঙ্গে যুক্ত হতে একটি মজার খেলারও আভাস দিয়েছেন। এই ট্যুরে তারা প্রথম কোন দেশে যাচ্ছেন, তা ভক্তদের অনুমান করতে বলেছেন তিনি। সফরকারী দলের ভ্রমণ পরিকল্পনা এবং প্রচারণামূলক কার্যক্রমের লাইভ আপডেট দিতে ‘স্পাইডি ট্র্যাকার’ নামের একটি বিশেষ ট্র্যাকিং সিস্টেম চালু করার কথাও জানান এই অভিনেতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত