
এই প্রথম বিশ্ব সংগীত দিবসে নেই আশা ভোঁসলে। তবে অনুরাগীদের কিংবদন্তির অভাব বুঝতে দিলেন না এআর রহমান। সংগীতের বিশেষ দিনে গায়িকার গাওয়া শেষ গানের ঝলক প্রকাশের মাধ্যমে শ্রদ্ধা জানালেন অস্কারজয়ী এ সুরকার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রহমানের প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে আশা ভোঁসলের গানটি তৈরির মুহূর্তের বেশ কিছু দৃশ্য। যেখানে বিভিন্ন প্রজন্মের সংগীত ও যন্ত্রশিল্পীরা একসঙ্গে সম্মান জানিয়েছেন আশার সুরেলা সফরকে। ভিডিওটি আপ্লূত করেছে কিংবদন্তীর ভক্তদের।
রহমান বলেছেন, ‘আজ আমরা এমন এক কণ্ঠকে উদযাপন করছি, যিনি প্রজন্ম, ভাষা ও দেশের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই শ্রদ্ধার্ঘ্যর ভাবনা শুরু হয়েছিল আশাজি বেঁচে থাকতে। আমরা চেয়েছিলাম, তিনি যেন এই ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি নিজে চোখে দেখতে পারেন।’
সংগীতজ্ঞ আরও বলেন, ‘বিশ্বজুড়ে আমরা সংগীতের কিংবদন্তিদের উদযাপন করি। আমরা ভাগ্যবান যে, নিজেদেরও এমন একজন শিল্পী ছিলেন, যার কণ্ঠ অসংখ্য মানুষের জীবনের সাউন্ডট্র্যাক হয়ে উঠেছে।