ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কিংবদন্তি বিঠাবাইয়ের ভূমিকায় শ্রদ্ধা কাপুর

কিংবদন্তি বিঠাবাইয়ের ভূমিকায় শ্রদ্ধা কাপুর

অভিনয় ক্যারিয়ারে অলটাইম ব্লকবাস্টার থেকে শুরু করে একাধিক সুপারহিট সিনেমা আছে শ্রদ্ধা কাপুরের ঝুলিতে। তারপরও দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটদের মতো খুব একটা আলোচনায় থাকেন না শ্রদ্ধা। বলিউড তারকাদের শীর্ষস্থানে পৌঁছানো কোনোভাবেই হয়ে উঠছে না এই অভিনেত্রীর। তবু হাল ছাড়েননি। অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন শ্রদ্ধা। সেই ভাবনা থেকে হাতে নিয়েছিলেন নির্মাতা লক্ষ্মণ উতেকারের ভিন্নধর্মী সিনেমা ‘ইথা’। এই সিনেমাটি নির্মিত হয়েছে মারাঠি লোকনাট্যের কিংবদন্তি শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবনী নিয়ে। পর্দায় বিঠাবাইয়ের চরিত্র বাস্তব করে তুলতে শ্রদ্ধা সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। এর আভাস পাওয়া গেছে সম্প্রতি ‘ইথা’ সিনেমার টিজার থেকে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড হাঙ্গামা, আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গত মঙ্গলবার ‘ইথা’ সিনেমার টিজার মুক্তি পাওয়ার পর দর্শক নতুন এক অবতারে আবিষ্কারে করেছেন শ্রদ্ধাকে। তার চরিত্র নিয়ে সামজমাধ্যমে ইতিবাচক মন্তব্য চোখে পড়ছে; যা থেকে অনুমান করা যায়, শ্রদ্ধা এবার তার সম্পর্কে দর্শকের ধারণা বদলে দিতে চলেছেন। টিজারে বিঠাবাইয়ের জীবনের অন্যতম উল্লেখযোগ্য একটি অধ্যায়ের ছোট একটি অংশ তুলে আনা হয়েছে। এতে দেখা যায়, বিঠাবাইরূপী শ্রদ্ধা অন্তঃসত্ত্বা হয়েও পারফর্ম করার প্রস্তুতি নিতে। ব্যাকস্টেজে ৯ মাসের বেবি বাম্প নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন তিনি। কিছুক্ষণ পরেই তাকে মঞ্চের পেছনে সন্তান প্রসব করতে দেখা যায় এবং এরপর শো চালিয়ে যাওয়ার জন্য তিনি ফিরে আসেন। টিজারের এমন দৃশ্যে চমকে গেছেন অনেকে। কৌতূহলী হয়ে উঠেছেন বিঠাবাইয়ের শিল্পীজীবন নিয়ে। দর্শকের এই কৌতূহল সিনেমার সাফল্য নিয়ে আশবাদী করে তুলেছে নির্মাতাদের। ভারতীয় সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর হলেন মারাঠি লোকনাট্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ‘তামাশা’ ও ‘লাবণী’ নৃত্যের অনবদ্য পরিবেশনা দিয়ে তিনি জয় করেছিলেন অগণিত দর্শক-হৃদয়। ভারতের মহারাষ্ট্র প্রদেশের লোক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিঠাবাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত