
বাংলাদেশের শ্রোতাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের একটি জমকালো কনসার্টে অংশ নিতে আগামী জুলাই মাসে তিনি বাংলাদেশে পা রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে খবরটি আতিফ নিজেই নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা–জুলাই ২৪, ২০২৬’। এর সঙ্গে কনসার্টের টিকিটের লিংকও জুড়ে দিয়েছেন এই তারকা।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। গত বুধবার তারা অনুষ্ঠানস্থলের নাম ঘোষণা করেছে। আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিটের ‘ক্রিকেটারস একাডেমি’তে এই সুরের মেলা বসবে। আতিফ আসলামের পাশাপাশি ঢাকার এই কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।