ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

শাকিব-ইধিকা জুটি আবার ফিরবে

শাকিব-ইধিকা জুটি আবার ফিরবে

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে আবারও একসঙ্গে দেখা যাবে কি না এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সেই আলোচনার সূত্রপাত হয়েছে ইধিকা পালের একটি ফেসবুক কভার ছবি বদলকে কেন্দ্র করে। ১৩ জুলাই নিজের ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করেন ইধিকা পাল। নতুন কভার হিসেবে তিনি ব্যবহার করেন শাকিব খানের সঙ্গে অভিনীত সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’-র পোস্টার। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

অনেকেই ধারণা করছেন, এটি হয়তো নতুন কোনো ঘোষণার ইঙ্গিত। চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ইধিকার এ কভার ছবি পরিবর্তনের বিষয়টি কেবল পুরোনো সিনেমার স্মৃতিচারণ নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো পরিকল্পনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা শুরু হয়েছে।

এর আগে পরিচালক হৃদয় চৌধুরীর নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই শোনা যাচ্ছিলো, ওই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও তখন নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবু বিভিন্ন সূত্রে দুজনকে নিয়ে আলোচনা চলছিল।

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার কভার ছবি যুক্ত হওয়ার পর সেই গুঞ্জন যেন আরও জোরালো হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, জনপ্রিয় এই জুটিকে আবারও বড় পর্দায় দেখতে চান তারা। কেউ কেউ এটিকে নতুন সিনেমার প্রচারণার সূচনা বলেও মনে করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। ছবিতে শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। বক্স অফিসেও সফল হয় সিনেমাটি। এরপর থেকেই এই জুটিকে আবারও একসঙ্গে দেখতে আগ্রহ প্রকাশ করে আসছেন দর্শকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত