ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

এ আর রাহমানের নজরে শুভ নন্দিতার ‘সাওয়ারিয়া’

এ আর রাহমানের নজরে শুভ নন্দিতার ‘সাওয়ারিয়া’

সংগীত পরিচালক ও শিল্পী শুভেন্দু দাশ শুভ এবং সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া ‘সাওয়ারিয়া’ কভার গানটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। কিংবদন্তি এ শিল্পীর এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত শুভণ্ডনন্দিতা। তারা এটিকে নিজেদের সংগীতজীবনের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দেখছেন। দেড় বছর আগে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করেন শুভ ও নন্দিতা। সেখানে তারা নিয়মিত বাংলা ও বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান নতুন সংগীতায়োজনে কভার করে প্রকাশ করছেন। এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সুর ও সংগীতায়োজনে নির্মিত স্বদেশ চলচ্চিত্রের ‘সাওয়ারিয়া’ গানটি কভার করেন তারা। সম্প্রতি তাদের সেই পরিবেশনা এ আর রাহমানের নজরে আসে। এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন তিনি। এ আর রাহমানের এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আজ ঘুম থেকে উঠে এক অবাস্তব সুন্দর মুহূর্তের মুখোমুখি হলাম- এ আর রাহমান নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আমাদের কভারটি শেয়ার করেছেন। এই উৎসাহের জন্য কৃতজ্ঞ। এ মুহূর্ত আমাদের সঙ্গে চিরকাল থাকবে এবং আরও সৃষ্টি করে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। নন্দিতাও নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, স্বপ্নের মতো এক বাস্তবতায় জেগে ওঠার জন্য এর চেয়ে সুন্দর দিন আর কী হতে পারে!

শুভ জানান, ছোটবেলা থেকেই এ আর রহমানের গান ও কাজ তার অনুপ্রেরণার অন্যতম উৎস। তাই এমন একজন কিংবদন্তি শিল্পীর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কাজ স্থান পাওয়াকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন। কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই এক বৃষ্টির দিনে গানটি কভার করে প্রকাশ করেছিলেন তারা। পরে সেটিই এ আর রাহমানের নজরে পড়ে। এর আগে এক সাক্ষাৎকারে এ আর রাহমান বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নতুন প্রতিভার কাজ নিয়মিত অনুসরণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত