
রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ‘স্টার সিনেপ্লেক্সে’ চলছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা চারটি বিগ-বাজেটের সিনেমা। ২৪ জুলাই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেয়েছে সিনেমাগুলো। ভিন্ন ঘরানার আন্তর্জাতিক এই ছবিগুলো দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাগুলো হলো- ‘এভিল ডেড বার্ন’, ‘প্যাসেঞ্জার’, ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ এবং ত্রিমাত্রিক কনসার্ট চলচ্চিত্র ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’।
মাল্টিপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলৌকিক হরর, স্নায়ু-উত্তেজক সাইকোলজিক্যাল থ্রিলার, খুদে বিজ্ঞানীদের টাইমণ্ডট্রাভেল অ্যাডভেঞ্চার থেকে শুরু করে জেমস ক্যামেরনের প্রযুক্তিতে তৈরি বিশ্বখ্যাত গ্র্যামিজয়ী পপ তারকার ত্রিমাত্রিক (থ্রিডি) লাইভ কনসার্ট ফিল্ম—কী নেই এ তালিকায়!
এভিল ডেড বার্ন : ‘এভিল ডেড বার্ন’ আলোচনায় রয়েছে বিশ্বখ্যাত ‘এভিল ডেড’ হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি হিসেবে। বিশ্বখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘এভিল ডেড বার্ন’ পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক।
মনস্তাত্ত্বিক হররধর্মী ‘প্যাসেঞ্জার’ : মনস্তাত্ত্বিক হররধর্মী ‘প্যাসেঞ্জার’ পরিচালনা করেছেন আন্দ্রে ওভ্রেডাল। এতে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও।
শিশু-কিশোরদের জন্য আকর্ষণ ‘টাইম হোপার্স দ্য সিল্ক রোড’ : শিশু-কিশোর ও পারিবারিক দর্শকদের জন্য নির্মিত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যানিমেশন ছবি ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’।
হিট মি হার্ড অ্যান্ড সফট দ্য ট্যুর : সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ ‘হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। বিশ্বখ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের ত্রিমাত্রিক ধারণপ্রযুক্তিতে নির্মিত এ কনসার্ট চলচ্চিত্রে উঠে এসেছে অস্কার ও গ্র্যামিজয়ী শিল্পী বিলি আইলিশের আলোচিত বিশ্বভ্রমণ কনসার্টের ম্যানচেস্টার পর্ব।