
চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে লেখা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এ কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।
একই সঙ্গে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে সেই ফেসবুক পোস্টে। লেখা হয়েছে, দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।
এর আগে ২৭ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছিলেন মেঘলা মুক্তা। নিজের ভাঙা মুঠোফোন সেটের কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছিলেন, আমার ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকব।
মেঘলা মুক্তা সবচেয়ে বেশি আলোচনায় আসেন তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু-তে অভিনয় করে। শুরুর দিকে র্যাম্পে কাজ করেছেন মেঘলা। মডেল হিসেবে কাজ করেছেন বিলবোর্ড আর গানের ভিডিওতে। বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন থেকে নাম লেখান সিনেমায়। মেঘলা মুক্তা অভিনীত সিনেমার মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ উল্লেখযোগ্য।