ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো

ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পরিচালক রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এ ছবির অন্যতম অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই জানা গেল, দেশের আরেকটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘গুলশানের চামেলি’, পরিচালক মোহাম্মদ ইকবাল। ছবিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন।

এর আগে ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’ নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। নতুন এ ছবির গল্প শুনে কাজটি করতে আগ্রহী হয়েছেন বাঁধন। তিনি জানান, পরিচালকের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। গল্প তার ভালো লেগেছে বলেই ছবিটিতে কাজ করতে রাজি হয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেননি। আগস্টের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

বাঁধন বলেন, ছবিটিতে অভিনয়ের জন্য আমাকে যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা খুবই ভালো লেগেছে। পরিচালক ইকবাল ভাই বলেছেন, ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো। শিল্পীকে সম্মান ও সম্মানীর যে বিষয়টি, সেটিই আমাকে কাজটি করতে আগ্রহী করেছে।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন বাঁধন। দেড় দশকের বেশি সময় ধরে নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’ও দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। আন্তর্জাতিক অঙ্গনে তার সবচেয়ে বড় পরিচিতি আসে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে। ছবিটি তাকে কান চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসবে নিয়ে যায়। এরপর বলিউডের ‘খুফিয়া’তে কাজ করেছেন; আর সর্বশেষ ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ যেটি জায়গা করে নিয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত