
এবারের বিশ্বকাপ ফুটবল চলার সময় হঠাৎই আলোচনায় আসে ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনির বিয়ে। কারণ, আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তিনি মজা করে বলেছিলেন, চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন। স্পেনের কাছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। প্রিয় দল আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের প্রতিক্রিয়ায় পরীমনি মজার ছলে বলেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এ আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ গত বুধবার রাতে একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরী। তখন আবার আসে আলোচিত বিয়ে প্রসঙ্গ।
এদিন তিনি মজা করে সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন, আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তার প্রশ্নে হাসির রোল পড়ে যায়। পরে পরী মজা করে আবার বলেন, হ্যাঁ নাকি না? পরে তিনি বলেন, আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।
পরে এক সাংবাদিক প্রশ্ন করেন, আর্জেন্টিনার হারের পর কী করেছেন? তখন পরী আবার মজা করে বলেন, ভাই, এ রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আলোচিত মামলায় জেলে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পরী বলেন, এটা নিয়ে কি আমি কখনো কথা বলেছি? কেউ প্রশ্ন করলে কি উত্তর পেয়েছে? আমার খালি একটাই বিষয় মনে হতো, সত্য একদিন প্রকাশ্যে আসবেই। যত চাপা দিয়ে রাখেন, প্রকাশ পাবেই।