ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কাঁচা মরিচের ঝাঁঝে হিমশিম খাচ্ছে সিরাজগঞ্জের সাধারণ মানুষ

কাঁচা মরিচের ঝাঁঝে হিমশিম খাচ্ছে সিরাজগঞ্জের সাধারণ মানুষ

সিরাজগঞ্জের হাট-বাজারে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ক্রেতাদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাঁচা মরিচের ঝাঁঝে গরিব ও অসহায় মানুষেরা হিমশিম খাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে এ জেলার হাট-বাজারে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম বাড়ছে। বৃহস্পতিবার বাজারে এসব সবজির দাম আরও বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জনসাধারণের মধ্যে নানা ধরনের সমালোচনা উঠেছে।

বর্তমানে হাট-বাজারে কাঁচা মরিচ ৩৮০ টাকা থেকে ৪০০ টাকা কেজি, বেগুন ১৪০ টাকা থেকে ১৬০ টাকা, পল্লা ও ঝিঙ্গা ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, পটোল ও ঢেঁড়স ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজি, লাউ ও কুমড়া গড়ে ৬০ টাকা থেকে ৭০ টাকা পিস, কাকরোল ৬০ টাকা থেকে ৮০ টাকা কেজি, মুখি ৬০ টাকা থেকে ৮০ টাকা কেজি, শসা ৮০ টাকা থেকে ১২০ টাকা কেজি, টমেটো ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন শাক-সবজির দামও বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে কাঁচা মরিচের দাম নিয়ে সর্বত্রই সমালোচনা উঠেছে। সকালে শহরের বড় বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, আড়তে দাম বেশি ও কারসাজির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসন সেখানে ব্যবস্থা না নিয়ে বাজারে খোঁজ নিয়ে লাভ নেই।

এ বিষয়ে আড়ৎদাররা বলছেন, আমাদের কোনো কারসাজি নেই। কয়েক সপ্তাহ ধরে প্রবল বর্ষণ ও নিম্নাঞ্চল বন্যাকবলিত হওয়ার কারণে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির বাগান বিনষ্ট হয়েছে। এ কারণে উৎপাদন কম হওয়ায় বাজার মূল্য বাড়ছে। এতে ক্রেতার সংখ্যাও এখন অনেকটা কমে গেছে।

যমুনার তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে কাঁচা মরিচ উৎপাদনও কমে গেছে। এ সংকটজনিত কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, ভারী বর্ষণে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির বাগানের অনেক ক্ষতি হয়েছে। এতে উৎপাদনও অনেকটা কমে গেছে। যে কারণে বিশেষ করে কাঁচা মরিচের দাম এখন অস্বাভাবিক। তবে আবহাওয়া ভালো হলে কাঁচা মরিচসহ সবজির দাম কমে যাবে বলে তিনি উল্লেখ করেন।

সাধারণ মানুষ,সিরাজগঞ্জ,কাঁচা মরিচের ঝাঁঝ,হিমশিম খাচ্ছে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত