
অস্ট্রেলিয়ার সিডনির মঞ্চে এক যুগ পর ফিরলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। গানে-সুরের জাদুতে এক সন্ধ্যা মাতিয়ে দেন তিনি। ‘লিসেন ফর’ এর আয়োজনে গত শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার নরওয়েস্ট কনভেনশন সেন্টারে তাকে একনজর দেখতে আর সরাসরি গান শুনতে জড়ো হন হাজারও প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানটি রূপ নেয় সিডনির প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানে রুনা লায়লার পরিবেশনা ছিল সব শেষে। মঞ্চে এসে দাঁড়াতেই তাকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দর্শকরা। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না’সহ আরও কিছু জনপ্রিয় গান গেয়ে শুনিয়েছেন তিনি। ‘দমাদম মাস্ত কালান্দার’ গাওয়ার সময় দর্শকরাও গলা মেলান রুনা লায়লার সঙ্গে। রুনা লায়লার আগে, ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলুও গান গেয়ে শোনান। ‘বাংলাদেশ নাইট ২০২৬’ শিরোনামের ওই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ‘সোলার পাওয়ার ন্যাশন’।