
আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনার নায়ক হয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। প্রায় তিন দশক আগে তারা ফখরুল ইসলাম বৈরাগী পরিচালিত ‘অগ্নিপথ’ সিনেমায় একসঙ্গে কাজ করেন। সে সময় সিনেমাটি দারুণ সাড়া ফেলে। দীর্ঘ সময় পর আবারও তাদের এক সঙ্গে দেখা যাবে। প্রযোজক ও নির্মাতা এমডি ইকবালের তারকাবহুল সিনেমা ‘গুলশানের চামিলি’তে তারা দুজন অভিনয় করবেন।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় নির্মাতা সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন। ওমর সানী জানান, ত্রিশ বছর আগে রোজিনার সঙ্গে তিনি অভিনয় করেছেন। ফের একসঙ্গে তাকে পেয়ে তিনি আনন্দিত।
তিনি বলেন, রোজিনা ম্যাডামের সঙ্গে কাজ করবো, এটা আমার জন্য সৌভাগ্যের বলতে পারি।