ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে বীক্ষণের আড্ডা ও গানের আসর

গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে বীক্ষণের আড্ডা ও গানের আসর

বাংলা গান ও কবিতার অঙ্গনে চার দশকেরও বেশি সময় ধরে সৃজনশীল অবদান রেখে আসা কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরায়জীকে নিয়ে ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ময়মনসিংহ সাহিত্য সংসদ আঙিনায় ‘বীক্ষণ পাঠচক্র’ এর উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে কবি তারিকুল ফেরদৌস সম্পাদিত ‘বীক্ষণ’-এর গত প্রান্তিকের স্মারক ভাঁজপত্র গীতিকার শহীদুল্লাহ ফরায়জীর হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কবি সরকার আজিজ এবং বীক্ষণ পাঠচক্রের আহ্বায়ক কবি এহসান হাবীব।’ বীক্ষণ ২২১৩’-এর নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন কবি সরকার আজিজ। আলোচনায় অংশ নেন আনন্দ মোহন কলেজের অধ্যাপক প্রফেসর তারেক সালাহউদ্দিন মামুন, কথাশিল্পী শাখাওয়াত বকুল, বীক্ষণ পাঠচক্রের আহ্বায়ক কবি এহসান হাবীব, কবি জেনুন্নেছা রীণা, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি মোস্তফা তারেক এবং কবি মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তারিকুল ফেরদৌস।

আলোচনায় বক্তারা বলেন, শহীদুল্লাহ ফরায়জী বাংলা গানের একজন স্বতন্ত্র কণ্ঠস্বর। তার রচনায় প্রেম, প্রকৃতি, মানবিকতা এবং জীবনবোধ অনন্য শিল্পরূপ পেয়েছে। ‘মাটি আর বৃষ্টিতে মাখামাখি হয় যখন’, ‘দেহ পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানের মধ্য দিয়ে তিনি বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নিজের বক্তব্যে শহীদুল্লাহ ফরায়জী বলেন, গান কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের হৃদয়ে অনুভূতির জন্ম দেয়, সমাজ-বাস্তবতাকে নতুনভাবে ভাবতে শেখায় এবং বিবেককে জাগ্রত করার শক্তি রাখে। একজন সৃষ্টিশীল মানুষের দায়িত্ব কেবল ভালো লেখা নয়, মানুষের মনন ও মানবিক চেতনাকে সমৃদ্ধ করাও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত