
বলা বাহুল্য, দেশের চলচ্চিত্রে অনন্য নির্মাণ ‘রইদ’। মেজবাউর রহমান সুমনের এ সিনেমা মুক্তি পেয়েছে কোরবানির ঈদে। সমালোচকের ভূয়সী প্রশংসা যেমন পেয়েছে, তেমনি পেয়েছে দর্শকের ভালোবাসা। যার ফলে দেশ-বিদেশে দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি।
‘রইদ’-এর মূল চরিত্র দুটি- সাদু ও সাদুর বউ। এ দুটি ভূমিকায় আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। চরিত্রের প্রয়োজনে তারা যে সাজ, বেশভূষা ধারণ করেছেন, তাতে বিস্মিত হয়েছে দর্শক-সমালোচক সকলে। বিশেষ করে তুষিকে দেখে আক্ষরিক অর্থে চেনার উপায়ও নেই! সেই ‘সাদুর বউ’-এর অদেখা কিছু মুহূর্ত প্রকাশ্যে আনলেন তুষি। ‘রইদ’-এর শুটিং চলাকালে ধারণ করা সেসব ছবি গত মঙ্গলবার রাতে ফেসবুকে উন্মুক্ত করেছেন অভিনেত্রী। একগুচ্ছ ছবিতে দেখা গেল, চোখ জুড়ানো পাহাড়ি অঞ্চলে কিভাবে ‘সাদুর বউ’ হয়ে কাজ করছিলেন তিনি।