
এ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম আবার চেনা ছন্দে ফিরেছেন।
তবে এবারের ফেরাটা একটু ভিন্ন এবং দীর্ঘ বিরতির পর। প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে দীর্ঘ দেড় মাস লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে ছিলেন তিনি।
পরীক্ষা শেষ হতেই আর দেরি করেননি; চেনা আঙিনায় ফিরে মেতে উঠেছেন অভিনয়ের চিরচেনা ব্যস্ততায়। জানা গেছে, চলতি আগস্ট মাসের পুরোটা সময়জুড়েই টানা শুটিংয়ের শিডিউল সাজিয়েছেন এ অভিনেত্রী।
অভিনেত্রী জীম জানান, পরীক্ষা শেষ হওয়ার পর আর বিশ্রামের সুযোগ পাননি তিনি।
পরিচালকদের আকুলতা এবং জমে থাকা চিত্রনাট্যের টানে দ্রুতই সেটে ফিরতে হয়েছে তাকে। ১০ আগস্ট থেকে পুরোদমে শুটিংয়ে ব্যস্ত হয়েছেন।
চলতি আগস্ট মাসে তার ঝুলিতে রয়েছে একাধিক নাটকের কাজ। এ পুরো মাসটিতে তার কোনো ছুটির সুযোগ নেই; দিন-রাত এক করে একটানা শুটিং করতে হবে বিভিন্ন লোকেশনে।
ফিরেই জীম শেষ করেছেন সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নামের নতুন একটি নাটকের কাজ। এতে তার বিপরীতে রয়েছেন সাদ সালমী নাওভী।
এরপর শেষ করেছেন আরও নতুন একটি নাটকের কাজ। জীম বলেন, এ মাস টানা শুটিং করব।
এরইমধ্যে জীমের বেশ কিছু নাটক দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে জানা এ অভিনেত্রী এবারের প্রজেক্টগুলোতেও নতুন কিছু চমক নিয়ে হাজির হচ্ছেন।
রোমান্টিক, সামাজিক পারিবারিক গল্প থেকে শুরু করে একদম ভিন্নধর্মী কিছু চ্যালেঞ্জিং চরিত্রে তাকে দেখা যাবে। চলতি মাসের এ ব্যস্ত শিডিউল নিয়ে জীম বেশ উচ্ছ্বসিত।
তার ভাষ্যমতে, ক্যামেরার সামনে দাঁড়ানোর আনন্দই আলাদা, আর ভক্তদের জন্য নতুন কিছু নিয়ে আসাই তার মূল লক্ষ্য।