
সিলেটে অবস্থিত হজরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের গত ৩৪ দিনে জমা হওয়া টাকা গণনা সম্পন্ন হয়েছে। সেখানে মিলেছে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রূপাসহ বিভিন্ন চিঠি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়। শেষ হয় সন্ধ্যা সোয়া ৬টার দিকে।
উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে মাজারের দানবাক্স ও ডেগের মোট টাকার পরিমাণ ও অন্যান্য সামগ্রীর হিসাব প্রকাশ করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবক সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এসব টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করেন। ৩৪ দিনে মাজারের দানবাক্স ও ডেগে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপাও পাওয়া যায়। এ সময় ভক্তদের দেওয়া বিভিন্ন চিঠিও পাওয়া গেছে। মাজারের দানবাক্স ও ডেগে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে- যুক্তরাজ্যের ৩১ দশমিক ১১ পাউন্ড, ভারতের ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানের ৬০ রুপি, সৌদি আরবের ৭০ রিয়াল, মালয়েশিয়ার ৮৩ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৪ ডলার, নেপালের ১০০ রুপি, ওমানের ১ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৬৪ দিরহাম ২২ সেন্ট, ইরাকের ২৫০ দিনার, তুরস্কের ৯০ লিরা, ভিয়েতনামের ১ হাজার ডং, জাপানের ১ হাজার ইয়েন, কাতারের ১১২ রিয়াল ৫০ পয়সা, লেবাননের ১০ পাউন্ড, মিশরের ১০ পাউন্ড, ইউরোর ৪০ পয়সা, বাহরাইনের ১ পয়সা এবং কানাডার ১ ডলার। অন্যদিকে স্বর্ণ মিলেছে ২ ভরি ১ রতি এবং ১ ভরি ২ আনা। এ ছাড়া নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস-মুরগির হিসাব মাজার কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও জানান প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই দুই দফায় প্রকাশ্যে হজরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়। দুই দফায় গণনাকৃত ওই টাকা মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।