
কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে ফের শ্রোতাদের সামনে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। সিজন ৪-এর চতুর্থ গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে বাংলাদেশের চা-বাগানের চা-শিল্পীদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা শতবর্ষের পুরোনো এক ইতিহাস। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাসংগীতে নিজস্ব অবস্থান তৈরি করা ‘মেঘদল’ মূলত চা-শিল্পীদের জীবন ও ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’ থেকে অনুপ্রেরণা নিয়ে গানটি সাজিয়েছে। ‘পিঞ্জরাকে পুষল ময়না’-এর ঐতিহ্যবাহী পঙ্?ক্তি ও সুরকে ভিত্তি করে শিবু কুমার শীলের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। শ্রীমঙ্গলের ঢোলের ছন্দের সঙ্গে চা-শিল্পীদের আবেগঘন কণ্ঠ এবং মেঘদলের সমকালীন সংগীতধারা গানটিতে এক অনন্য মাত্রা তৈরি করেছে, যেখানে ফুটে উঠেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুলতা, পরিচয় ও আপন ঘরের সন্ধান।