ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

শখকে দেখে চমকে গেলেন সবাই

শখকে দেখে চমকে গেলেন সবাই

একসময় গরুর মাংস তার ভীষণ প্রিয় ছিল। কিন্তু এবারের কোরবানির ঈদে সেই শখই গরুর মাংস খেয়েছেন মাত্র দুই টুকরা! কারণ, সুস্থতা। ৭ মাসের চেষ্টায় ১৫ কেজি ওজন কমিয়ে এখন ৫৫ কেজিতে এসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বদলে যাওয়া এ শখকে দেখে অনেকেই অবাক হচ্ছেন। তবে তার কাছে বিষয়টি শুধু ওজন কমানো নয়, নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়াও।

সাড়ে চার বছর আগে যখন মা হয়েছিলেন, তখন শখের ওজন বেড়ে ৮০ কেজি পর্যন্ত হয়েছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে নামে। এরপর অনেক চেষ্টা করেও আর ওজন কমছিল না। ডায়েট করেছেন, জিমেও গেছেন—কিন্তু দুই-তিন সপ্তাহ পরই হারিয়ে যেত উৎসাহ। এবার অবশ্য পরিস্থিতিটা তাকে অন্যভাবে ভাবতে বাধ্য করেছে।

ঠিক আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর আর দেরি করেননি। নিজের জীবনযাপনে বড় পরিবর্তন আনেন। খাবারের তালিকা থেকে একে একে বাদ দিতে থাকেন পছন্দের অনেক খাবার। শুরু করেন নিয়ম মেনে চলা এবং জিমে সময় দেওয়া। ফলাফলও পেয়েছেন। ৭ মাসের মধ্যে ৭০ থেকে ওজন নেমে এসেছে ৫৫ কেজিতে।

শখ জানান, তার বয়স ও উচ্চতা অনুযায়ী ৫৫ কেজি ওজনই আদর্শ। এখন শুধু দেখতে নয়, শারীরিকভাবেও আগের চেয়ে নিজেকে অনেক বেশি ফিট মনে হয় এবং কাজেও উদ্যম পান।

নিজের খাদ্যাভ্যাসের পরিবর্তন নিয়ে শখ বলেন, আমি গরুর মাংস খেতে খুব ভালোবাসি। কিন্তু সেই আমি গেল কোরবানির ঈদে মাত্র দুই টুকরা মাংস খেয়েছি। খারাপ লেগেছিল, কিন্তু সুস্থতার জন্য এটা করতে হয়েছে। আমার ফ্যাটি লিভার ধরা পড়ার পর চিকিৎসক অনেক রেস্ট্রিকশন দিয়েছেন। বাসার রান্না করা খাবারের বাইরে কিছুই খাইনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত