
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা 'স্নেহের বন্ধন'। এতে অভিনয় করেছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। নিজের চরিত্র নিয়ে খোলাসা না করলেও সিনেমাটি নিয়ে আশাবাদী মৌ বলেন, একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এ মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন। সম্প্রতি মুক্তি পাওয়া 'আবার হঠাৎ বৃষ্টি' সিনেমাটিতে আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বই দশকের সেই কালজয়ী আবহের সঙ্গে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল।
অন্যদিকে, আসছে পূজায় মুক্তি পেতে যাওয়া 'স্নেহের বন্ধন' আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এ সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সঙ্গে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।
২০১৯ সালে 'প্রতিশোধের আগুন' দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন মৌ খান। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে থ্রিলার ও অ্যাকশন ঘরানার 'শিকারি' শিরোনামের ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এ ছাড়া জাফর আল মামুন পরিচালিত 'চাইল্ড অব দ্য স্টেশন' সিনেমাটি রয়েছে নির্মাণাধীন।