ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে ৪০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। মূলত তার নতুন সিনেমা 'রণবলী'-তে অভিনয়ের সময় মানুষের দুর্দশা দেখে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, আগামী তিন মাস ওই ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবে অভিনেত্রীর নিজস্ব দল। ভিডিওতে দেখা যায়, রাশমিকার সহযোগীরা অসহায় পরিবারগুলোর হাতে চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রয়োজনীয় বাজার তুলে দিচ্ছেন।

রাশমিকা বলেন, আপনারা অনেকেই জানতে চান 'জয়াম্মা' চরিত্রের সঙ্গে আমার বাস্তবে কোনো মিল আছে কি না। আমার সোজা উত্তর— হ্যাঁ। এখানেই আমাদের সবচেয়ে বড় মিল। আমি মানুষের কল্যাণে এমন কিছু করতে ভালোবাসি, যা জয়াম্মাও ভালোবাসে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদানস্বরূপ ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। এত দিন বিষয়টি গোপন রাখার কারণ উল্লেখ করে তিনি বলেন, শুরুর দিকে বিষয়টি নিজের মধ্যে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কেবল দুই-একজন বিষয়টি জানতেন। তবে পরবর্তীতে মনে হলো ভালো কাজের প্রচার হলে অন্যরাও হয়তো এতে উদ্বুদ্ধ হবেন।

রাশমিকা যোগ করেন, আমি ভেবে দেখলাম, এ সামান্য প্রচেষ্টা দেখে যদি আপনাদের মধ্য থেকে কেউ এমন জনহিতকর কাজ করার অনুপ্রেরণা পান, তবে সেটাই হবে আমার সার্থকতা। আজ আমরা ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী তিন মাস ৪০০ পরিবারকে খাদ্যসহায়তা দেওয়ার ইচ্ছা আছে। আশা করি, মানুষগুলো তাদের প্রতিদিনের বাজার খরচের অর্থ জমিয়ে ভালো একটা সঞ্চয় করবে।

উল্লেখ্য, ব্রিটিশ আমলের ঐতিহাসিক পটভূমিতে নির্মিত হয়েছে 'রণবলী'। সেই সময়ের ভয়াবহ দুর্ভিক্ষ ও অনাহারের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে বিজয় দেবরকোন্ডার বিপরীতে যোদ্ধা রণবলীর স্ত্রী 'জয়াম্মা'র চরিত্রে অভিনয় করছেন রাশমিকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত