
মাতৃত্বকালীন ফটোশুটে জমকালো আয়োজন, বিশেষ পোশাক আর নান্দনিক সাজসজ্জার ছড়াছড়ি থাকে। তারকাদের এমন আয়োজন ঘিরে ভক্তদের আগ্রহও কম নয়। তবে প্রচলিত সেই ধারার বাইরে গিয়ে একেবারে ঘরোয়া ভঙ্গিতে তোলা একটি ছবি প্রকাশ করেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবির সঙ্গে তার দেওয়া ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।
কেউ দেখছেন নিছক রসিকতা, আবার কারও প্রশ্ন অন্য অভিনেত্রীদের মাতৃত্বকালীন ফটোশুটকেই কি ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন তিনি? উৎসবের আমেজের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করেন সামান্থা। সেখানে তাকে সোফায় হেলান দিয়ে শুয়ে পোশাক কিছুটা তুলে পেটের অংশ ক্যামেরার সামনে মেলে ধরতে দেখা যায়।
ছবিটিতে নেই বিশেষ কোনো সাজসজ্জা কিংবা ফটোশুটের জমকালো আয়োজন। বরং বেশ স্বাভাবিক ও অনাড়ম্বর ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবিটির সঙ্গে সামান্থা লিখেছেন, ধরে নিন, এটাই আমার ম্যাটারনিটি শুট। তার এ রসিকতাপূর্ণ ক্যাপশন প্রকাশ্যে আসার পরই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
বিশেষ করে মাতৃত্বকালীন ফটোশুটের প্রচলিত আয়োজনের সঙ্গে সামান্থার ছবির ভিন্নতা নজর কেড়েছে অনেকের। বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক অভিনেত্রী এর আগে মাতৃত্বকালীন ফটোশুটের মাধ্যমে আলোচনায় এসেছেন। তাদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, রাধিকা আপ্তে ও বিপাশা বসু। এসব ফটোশুটে তারকাদের সাজপোশাক, আলোকচিত্র ও উপস্থাপনার ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় আলোচনা হয়েছে।
সামান্থার পোস্টের পর সেই প্রসঙ্গই আবার সামনে এসেছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, অন্য অভিনেত্রীদের এমন আয়োজনকে ব্যঙ্গ করতেই কি নিজের ছবিকে 'ম্যাটারনিটি শুট' বলেছেন তিনি? কেউ কেউ জানতে চেয়েছেন, বিশেষ করে কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী। তবে সবাই যে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন, তা নয়। অনেকে সামান্থার সহজ ও স্বতঃস্ফূর্ত উপস্থাপনার প্রশংসা করেছেন। তাদের মতে, মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে প্রচলিত আড়ম্বরের বাইরে গিয়ে অভিনেত্রী ছবিটি ভাগ করে নিয়েছেন।