ঢাকা শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে

ধর্ম উপদেষ্টা
আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেয়, তাদের সর্বোচ্চ শাস্তি- ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। গতকাল বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরা ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই আলোচনা করব, তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে, যাতে তারা সরাসরি মতামত জানাতে পারেন। এছাড়া হজ কার্যক্রমে মন্ত্রণালয় থেকে শুরু করে আশকোনা ক্যাম্প পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা বা কর্মচারী ঘুষ নিলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব সামগ্রী তাদের দিয়েছে সংশ্লিষ্ট এজেন্সি। আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আরবে এটি মাদক হিসেবে গণ্য হয়, যা বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করেছে। একজন হাজির কেন জর্দা বা তামাক নিতে হবে- এটি লজ্জার বিষয়।

এছাড়া, গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ না করতে সবার প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত