
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট এরই মধ্যে দেশে পৌঁছেছে। গতকাল বুধবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি আরও বলেন, আজ (বুধবার) সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন। ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। এরই মধ্যে প্রবাসীদের পাঠানো ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা, জানান সালীম আহমাদ খান।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে সারা দেশের ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ভোট দিয়েছেন। ১ লাখ ৪ হাজার ১৬৫ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করেছেন।
ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে বিধিমালায় সংশোধন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় ২০২৫- এর অধিকতর সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ- সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫- এর অধিকতর সংশোধন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধিকতর সংশোধনগুলো হলো—ভোটার স্লিপ ১২ (বারো) সেন্টিমিটার দ্ধ ৮ (আট) সেন্টিমিটার আকারের অধিক হতে পারবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী এলাকার একক জনসভায় প্রয়োজনীয়সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন।