ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

৩৯ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প

সারাদেশে গতকাল শুক্রবার ফের ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অফিস বলছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৪। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এসব তথ্য জানান। ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প মাঝারি ধরনের। সাতক্ষীরার আশাশুনিতে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কর্মকর্তা ফারজানা সুলতানা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে। তার আগে বুধবার রাতে দেশে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে। উৎপত্তি ভূপৃষ্ঠের ১২৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে। তারও আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছিলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলায়। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত