ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাহরাইনে মার্কিন ঘাঁটি ধ্বংস সৌদিতে পুড়ল দূতাবাস

বাহরাইনে মার্কিন ঘাঁটি ধ্বংস সৌদিতে পুড়ল দূতাবাস

ইরানের ওপর হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। এতে মার্কিন বিমানঘাঁটি ও দূতাবাস পুড়ে ছাঁই হয়ে গেছে। কয়েক দিনের টানা সংঘাতে ইরানের কমপক্ষে ৭৮৭ জন নিহত হয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের ৬৫০ সেনা হতাহতের ঘটনা ঘটছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় সৌদিসহ বিভিন্ন দেশের কনস্যুলার সেবা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন নাগরিকদের অবলিম্বে ১৪ দেশ’ ছাড়ার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পরে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের একাংশ গতকাল মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের : ইরানের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা গেছে, দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে। খবর বিবিসির।

সংস্থাটি দাবি করেছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একটি কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানির ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

দূতাবাসে হামলার পর সৌদিতে সব কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র : দূতাবাসে হামলার পর মার্কিন দূতাবাস সৌদিতে অবস্থিত বিভিন্ন মিশনে তাদের সব সেবা বাতিলের ঘোষণা দিয়েছে। সামাজিকমাধ্যম এক্সে করা এক পোস্টে দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সব রুটিন এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং জেদ্দা, রিয়াদ এবং দাহরামসহ রাজ্যের কয়েকটি মিশনে ‘আশ্রয়স্থল’ কার্যকর করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলুন। সব মার্কিন নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুযায়ী দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এর ফলে দূতাবাস ভবনে ‘সামান্য অগ্নিকাণ্ড ও সাধারণ ক্ষয়ক্ষতি’ হয়েছে।

ইরান যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত- সেন্টকম : ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে সেন্টকম।

ইরানে নিহত বেড়ে ৭৮৭ : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। ইরানের রাজধানী তেহরানে সোমবার রাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক রাতের তুলনায় সোমবার রাতে বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। কেবল তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।

৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে ইউএসএস আব্রাহাম লিংকন : আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এ ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী-মোহাম্মদ নায়িনি বলেছেন, ‘যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।’ তিনি বলেন, ‘এটি স্বাভাবিক যে মার্কিনীরা বিষয়টি গোপন ও অস্বীকার করবে; তবে গোয়েন্দা নজরদারি ও যুদ্ধক্ষেত্রে আমাদের উপস্থিতির ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক ঘটনায় ১৬০ জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে একাধিকবার লক্ষ্যবস্তু করেছে এবং যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের তীব্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসির মুখপাত্র আরও জানান, নৌবাহিনী থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে নিক্ষেপ করা হয়। তিনি বলেন, জাহাজটি চাবাহার উপকূলের প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসাগরের দিকে সরে যায়।

মার্কিন নাগরিকদের ১৪ দেশ ছাড়ার আহ্বান : মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে ?‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করতে এই ১৪ দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

জেরুজালেমে দফায় দফায় বিস্ফোরণ : জেরুজালেমে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার জেরুজালেম থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

কাতারের দোহায় ফের বিস্ফোরণ : কাতারের রাজধানী দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে এ বিস্ফোরণ হতে পারে। সোমবার রাতে নতুন করে এ বিস্ফোরণ হয়। এর আগে এদিন কাতারের শিল্পনগরী রাস লাফানের একাধিক জ্বালানি স্থাপনায় আঘাত হানে ইরানের ড্রোন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, কাতারের বিমানবাহিনী দেশটির দিকে আসা দুটি ইরানি জেট গুলি করে নামিয়েছে এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনও প্রতিহত করেছে বলে দাবি করেছে।

আমিরাতে অ্যামাজনের একাধিক ডেটা সেন্টারে ‘ড্রোন হামলা’ : সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস। বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা প্রদানকারী এই কোম্পানিটি জানিয়েছে যে, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ‘অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং ভবনটির ‘বিদ্যুৎ বিঘ্নিত’ হয়েছে।

ডেটা সেন্টারগুলো একটি অঞ্চলে ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মতো বিস্তৃত ব্যবসা ও ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে। এ ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে। মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির কারণে গ্রাহকদের অবিলম্বে তাদের ডেটা ব্যাকআপ করা অথবা যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও তাদের সিস্টেম স্থানান্তরের আহ্বান জানানো হয়েছে।

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটি পুড়িয়ে দেবে। আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি গত সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েক দিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনিরা এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল। কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না।

সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের : সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল, কিন্তু ‘ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে’, তাদের ওপর ‘চিরস্থায়ী লজ্জা’ নেমে আসবে। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, তেহরান নিজেকে ‘মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ বলে মনে করে। তিনি বলেন, ‘ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমার আরব বন্ধুদের বলছি, সতর্কভাবে ভাবুন। তারা যুদ্ধের পরিধি বাড়াতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং অন্য দেশে অপরাধ সংঘটনে দ্বিধা করে না।’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, ‘বর্তমানে একমাত্র শক্তি যা অশুভের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তা হলো ইরান।’

ইসরায়েলের তিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ : লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইসরায়েলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর বিবিসির। টেলিগ্রামে দেওয়া পৃথক তিনটি পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে, গোলান উপত্যকায় নাফাহ ঘাঁটিতে তাদের ‘বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত’ হেনেছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। যদিও এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের- ট্রাম্প : যুক্তরাষ্ট্রের কাছে ‘অনন্তকাল’ যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প লেখেন, আমাদের কাছে অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত আছে ও বড় জয়ের জন্য প্রস্তুত! এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে ‘অনেক উচ্চমানের’ মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন। চার বছরের মেয়াদের শেষের দিকে, বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত