ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল
চার দিনে শাহজালাল ও শাহ আমানতে ১৮২ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে চার দিনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৪৭টি এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। দুই বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার আলাদা বার্তায় এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ইরানও এর পাল্টায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে। এর ফলে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে উড়োজাহাজ চলাচলও বিঘ্নিত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার ২৩টি, রোববার ৪০টি এবং সোমবার ৪৬টি ফ্লাই বাতিল হয়। আর গতকাল মঙ্গলবার নির্ধারিত ফ্লাইটগুলোর মধ্যে ৩৮টি ফ্লাইট বাতিল করার তথ্য জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে কাতার এয়ারলাইন্সের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারলাইন্সের (কুয়েত): ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনে বাতিল হয়েছে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট। এর মধ্যে মঙ্গলবার সকালের সাতটি ফ্লাইটও রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, এয়ার অ্যারাবিয়ার চারটি ফ্লাইট বাতিল হয়েছে। তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট মঙ্গলবার সকালে চট্টগ্রামে নেমে আবার যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা থেকে আসা একটি ফ্লাইট সকালে শাহ আমানতে নেমে পরে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। গত মঙ্গলবার দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে গত কয়েক দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল, যার বড় অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত