
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে লাগানো তার ছবিসহ বিলবোর্ড এবং ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী (গতকাল মঙ্গলবার) সকালে গুলশানের বাসা থেকে বেরিয়ে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে তার ছবিসংবলিত ব্যানার দেখে তখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটি তৎক্ষণাৎ সরানো হয়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শন করছে নানা কোম্পানি। সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল দেখে তখনই সেটি অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ট্রাফিক সিগন্যাল মানায় রাজধানীর সড়কে যান চলাচলে গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন রুমন।
প্রতিবেদনটি প্রধানমন্ত্রী দেখেছেন জানিয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর কাছে রাজধানীর যানজট নিরসন এবং সড়কে যানবাহন চলাচলের গতি-প্রকৃতি কেমন- এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজকে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণেই যানবাহনের গতি বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে আগে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা কিনা হাঁটাগতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার নেওয়ার পর ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করছেন।
প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যান দিয়ে বলা হয়, ভিভিআইপি প্রটোকলে যান চলাচল বাধাগ্রস্ত না হওয়ায় গতি ঘণ্টায় ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছেন।
মোটা চালের দাম বৃদ্ধির খবর শুনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, মোটা চাল যেটি প্রান্তিক মানুষের খাদ্য, সেই চালের দাম খুচরা বাজারে বৃদ্ধির সংবাদ গতকাল (সোমবার) প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুতব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। এর তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মো. জিয়াউল হক। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়। প্রতিক্রিয়ায় উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তাদের আশ্বস্ত করেন তারেক রহমান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে কোস্টগার্ডের প্রতি নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত : উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ তার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে নির্বাচনি বিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি বলেন, ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারত। তিনি দাবি করেন, নিয়মের মধ্যেই থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।