
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
মো. আহসান হাবীব পলাশ চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি পিবিআইতে কাজ করেন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন তিনি। আহসান হাবীব পলাশ ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।
বাগেরহাটের বাসিন্দা অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি পুলিশ সদর দপ্তরে (এইচআরএম ও ডেভেলপমেন্ট) কর্মরত ছিলেন। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক এই শিক্ষার্থীর মাঠপর্যায়ে অপারেশন পরিচালনায় দক্ষতা রয়েছে। মোসলেহ উদ্দিন আহমদ পুলিশ সদর দপ্তরে লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন শাখায় দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২৫ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি ও পদায়ন পান। তিনি ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি সে সময় ডিএমপিতে ডিসি হিসেবে কর্মরত ছিলেন। একজন সৎ, দক্ষ ও যোগ্য পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে তার সুনাম রয়েছে। খাগড়াছড়ির রামগড় উপজেলায় জন্ম মোসলেহ উদ্দিনের।
এপিবিএন প্রধান হলেন হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান : আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে সম্প্রতি পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। পদটি এতদিন ফাঁকা ছিল। ওই পদে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হাসিব আজিজকে নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডিপ্রধান মো. ছিবগাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে এসবির অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদার বিপিএর প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।