
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও গুলশানে নিজের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজ-খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউ’র বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন। পাশাপাশি খোঁজখবরও নিচ্ছেন কোথায় কী হচ্ছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সারা দেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি যাচাই করছেন। কাজের গতি, সময়মতো সম্পন্ন হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেও তদারকি করছেন। অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। যোগাযোগ রাখছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও।
গত মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন। সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়েছে, যা ২৩ মার্চ পর্যন্ত চলবে।
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী : ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেমণ্ডওলামা-মশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
দীর্ঘ দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফিরেন। এরপর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।
চা বিক্রেতা নানি-নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী : রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের পাশের ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির নেতারা এই উপহার নিয়ে রাজধানীর তালতলা এলাকায় ফাতেমাদের বাসায় যান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ। ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিক্সসহ এবং তার নানির জন্য শাড়ি ও অন্যান্য ঈদসামগ্রী হস্তান্তর করেন।
উল্লেখ্য, কিছুদিন আগে বাঙলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তার সময় রাস্তা পারাপারকালে আহত হয়। ওই স্থানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট আহত ফাতেমাকে চিকিৎসাসেবা দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানেরও দৃষ্টগোচর হয়।