
কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার আবারও সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। নেইমারকে আবার অনুশীলনে দেখে উপস্থিত সমর্থক ও সাংবাদিকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ব্রাজিলের হয়ে আবার মাঠে নামার পথে এটি ছিল তার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, আর তাই প্রত্যাশাও ছিল অনেক। তবে অনুশীলনে তার পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। ব্রাজিলের পরবর্তী ম্যাচের আগে ট্রেনিংয়ে নেইমারকে ধীরগতির এবং কিছুটা ভারী মনে হয়েছে। তার চলাফেরায় ছিল না আগের সেই তীক্ষèতা, আর বলের সঙ্গে বেশ কয়েকটি মুহূর্তে তাকে ছন্দহীনও দেখা গেছে। শক্তিশালী বার্তা দেওয়ার বদলে নেইমার বরং নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছেন, তিনি কি সত্যিই আবার সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত?
অনেক ব্রাজিলিয়ান সমর্থক নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তন এবং আবারও বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে দেখার অপেক্ষায় রয়েছেন। কিন্তু সাম্প্রতিক অনুশীলনে কিছু পর্যবেক্ষক বিস্মিত হয়েছেন, কারণ তার কয়েকজন সতীর্থের তুলনায় তাকে অনেক কম সক্রিয় মনে হয়েছে। অন্যদিকে, দলের বেশ কয়েকজন খেলোয়াড় পুরো অনুশীলনজুড়ে তাদের গতি ও বিস্ফোরক শক্তির ছাপ রেখেছেন। জাতীয় দলে নেইমারের স্থান নিয়ে বিতর্ক এখনও চলছে। কেউ কেউ এখনও প্রশ্ন তুলছেন, তিনি আদৌ দলে ফেরার যোগ্য কি না। তবে বাস্তবতা হলো, তার জায়গা এরইমধ্যে নিশ্চিত করা হয়েছে এবং ভিনিসিউস জুনিয়র থাকা সত্বেও তাকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছে। অনেকের মতে, এখানে বর্তমান ফর্মের চেয়ে তারকা মর্যাদাই বেশি গুরুত্ব পেয়েছে। তার সর্বশেষ অনুশীলন পারফরম্যান্স সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে। মাঠে ফিরে তিনি কতটা অবদান রাখতে পারবেন, তা নিয়ে সংশয় বাড়ছে। বিশেষ করে একাংশ সমর্থক মনে করেন, এই সুযোগটি বরং জোয়াও পেদ্রোকে দেওয়া উচিত ছিল।
এখন সব নজর নেইমারের দিকেই। ব্রাজিলিয়ানরা অপেক্ষা করছে, তিনি কি প্রত্যাশাকে বাস্তব পারফরম্যান্সে রূপ দিতে পারবেন, নাকি সমালোচকদের সন্দেহই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হবে।