ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

আধুনিক কাতারের রূপকার, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। জাতীয় সংসদে তার ওপর শোক প্রস্তাব আনা হয়েছে।

এছাড়া তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল ১৫ জুলাই, বুধবার, বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় বুধবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রসঙ্গত, প্রয়াত এই নেতা আধুনিক কাতার বিনির্মাণে অসামান্য ভূমিকা রেখেছিলেন এবং সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত