
জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে এলিট ফোর্সটি। গতকাল বুধবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জুলাই শহিদ দিবসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৬ জুলাই উপলক্ষে জারিকৃত সব ধরনের আইন-শৃঙ্খলাসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নেও কাজ করছে র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য নিরাপত্তা হুমকিপূর্ণ স্থান পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবে র্যাব।
এ ছাড়া গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহে এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে। প্রত্যাবর্তন কর্মসূচির রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান রাখা হয়েছে এবং প্রয়োজনীয়সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে এ সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে জেলা, মহানগর বা থানা-ভিত্তিক স্থানীয় র্যাব, টহল ইনচার্জ অথবা সংশ্লিষ্ট র্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।