ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিআইজি পদমর্যাদাসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ডিআইজি পদমর্যাদাসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পুলিশের ডিআইজি রয়েছেন ৩ জন, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ২ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন এবং সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান। এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের একেএম ইকবাল হোসেন, এপিবিএনের সহেলী ফেরদৌস, সারদার বিপিএর মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিন।

তালিকায় আরও রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং টিডিএস পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী।

অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত