
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে লড়তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টা ৪৯ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেন ঐক্যের এএইচএম হামিদুর রহমান আযাদের একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, রাশেদ প্রধান এবং মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬-এর ‘নির্বাচনি কর্তা’ এএমএম নাসির উদ্দিন। অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হলেন বিরোধীদলীয় নেতা জামায়াতের সংসদ সদস্য ঢাকা-১৫ আসনের শফিকুর রহমান ও সমর্থক এনসিপির সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
?উল্লেখ্য, ইসি ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে।