
ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সথে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে ফেইসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তারপরেও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সভাস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. আবু সাঈদ গতকাল শনিবার দুপুর ২টায় বলেন, “এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলা কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। “আর মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করা যাবে না। কারণ তারা আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।”
গত বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। এর প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদ শহরে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন। তারা হাসনাত আবদুল্লাহকে বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এনসিপি নেতারা বলেন, বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার দুপুর দেড়টায় হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে দুঃখপ্রকাশ করেন।
হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে দুঃখ প্রকাশের করায় কর্মসূচি প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, “আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি অবস্থান করব ইনশাল্লাহ।”