ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা লাগবে

সংসদে বিমানমন্ত্রী
তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা লাগবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালুর নামে বিগত ফ্যাসিস্ট সরকার একটি ভবন উদ্বোধন করেছিল| এর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজগুলো হয়নি| এটা চালু করতে হলে ৯০২ কোটি টাকার প্রয়োজন হবে| গতকাল রোববার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এ কথা বলেন| স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়| বর্তমান সরকার থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে বিমান পরিবহনমন্ত্রী বলেন, ২ দশমিক ১ বিলিয়ন ডলারের এ সম্পদ ব্যবহার না করে ফেলে রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে| এটা যত তাড়াতাড়ি চালু করা যাবে তত তাড়াতাড়ি ঋণ পরিশোধ করা যাবে| এটা পড়ে থাকলে তা দেশের জন্য ক্ষতিকর যাবে|

মন্ত্রী বলেন, আগের বকেয়াসহ এডিসি (এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম) যে টাকা পায়, মোট ৯০২ কোটি টাকা পরিশোধ করলে থার্ড টার্মিনাল চালু করা যাবে| অর্থ মন্ত্রণালয় এই বরাদ্দের ব্যবস্থা করেছে| থার্ড টার্মিনাল চালু হলে দ্বিগুণ যাত্রী যাতায়াত করতে পারবেন| সে আয় দিয়ে জাইকার ঋণ পরিশোধ করা যাবে| সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, নবনির্মিত তৃতীয় টার্মিনাল চালু করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে| এরইমধ্যে প্রায় ৫৭ শতাংশ অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের (ওআরএটি) কাজ সম্পন্ন হয়েছে| বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পাদনের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে| বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে বিমানের মোট ৯টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে| এসব উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে| চাঁদপুর-২ আসনের মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে রশিদুজ্জামান মিল্লাত বলেন, যাত্রী হয়রানি রোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সর্বদা সচেষ্ট রয়েছে| যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হেল্প ডেস্ক, দ্রুত ব্যাগেজ স্ক্যানিং, ইমিগ্রেশন ও চেক-ইন ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে| গত অর্থবছরে ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশের ক্ষেত্রে প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়েছে|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত