ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে করা রিট খারিজ

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে করা রিট খারিজ

দণ্ডবিধির ১২৪এ ধারা, অর্থাৎ রাষ্ট্রদ্রোহের আইনকে সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। এর আগে দণ্ডবিধির ১২৪এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। রিটে ধারাটিকে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়।

রিট আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহের এই আইন নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করে। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের অধিকারও একজন নাগরিকের মৌলিক অধিকারের অংশ।

আবেদনে আরও বলা হয়, রাষ্ট্রদ্রোহের বিধানটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আইন। স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে তৎকালীন শাসকেরা এ ধরনের আইন প্রণয়ন করেছিল। ফলে স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের সঙ্গে এ বিধান অসামঞ্জস্যপূর্ণ। রিটে দাবি করা হয়, দণ্ডবিধির ১২৪এ ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদে নিশ্চিত করা মৌলিক অধিকারের পরিপন্থি।

দণ্ডবিধির ১২৪এ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি লিখিত বা মৌখিক কথা, চিহ্ন, দৃশ্যমান প্রতীক বা অন্য কোনো উপায়ে বাংলাদেশের আইন অনুযায়ী বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ বা বৈরিতা সৃষ্টি বা সৃষ্টির চেষ্টা করলে তিনি শাস্তিযোগ্য হবেন। এ অপরাধে যাবজ্জীবন অথবা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি সোমবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত