ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

'ঘুষ.সাইট'

কিশোর শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

কিশোর শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

ঘুষের অভিযোগ জানাতে ওয়েবসাইট তৈরি করে আলোচনায় আসা ১৭ বছরের কিশোর শাহেদ শরীফ আহমেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। পাশাপাশি গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে নিজ কার্যালয়ে শাহেদকে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। সেখানে শাহেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকার বা প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রয়াত শিক্ষিকা মায়ের পেনশনের টাকা তুলতে পদে পদে ঘুষ দাবির বিষয়ে প্রতিবাদ জানাতে গত ২১ আগস্ট 'ঘুষ.সাইট' (ghush.site) নামের একটি ওয়েবসাইট তৈরি করে শাহেদ শরীফ। সেখানে ঘুষের অভিযোগ জানাতে থাকেন অসংখ্য মানুষ। গত সোমবার এ খবর প্রকাশের পর দুপুরেই শাহেদের বাবাকে ডেকে পেনশনের কাগজপত্র দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং অনিয়মে জড়িত দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। গত সোমবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও শাহেদের সঙ্গে যোগাযোগ করা হয়।

শাহেদের ঘুষ.সাইটে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত মোট ১১ হাজার ৬৬৬টি অভিযোগ জমা পড়েছে, যেখানে ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৭ কোটি ২ লাখ টাকা।

শাহেদের সঙ্গে বৈঠক শেষে ময়মনসিংহ সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, প্রধানমন্ত্রী সঙ্গে থাকেন এমন একজন সোমবার রাতে প্রকাশিত সংবাদটি তাকে পাঠান। মঙ্গলবার কিশোর শাহেদের সঙ্গে কথা হয়েছে। ঘুষ.সাইট নিয়ে তার বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনো কোনো বিশেষ নির্দেশনা আসেনি। বিষয়টি পাঠানোর পর হয়ত প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে কথা বলতে পারেন। সরকারের গবেষণা বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানকেও এ কাজে যুক্ত করা যেতে পারে।

'ঘুষ.সাইট' উদ্যোগটি খুবই ভালো লেগেছে উল্লেখ করে মো. রুকুনোজ্জামান বলেন, আমাদের মনে হয়েছে, রাষ্ট্র ও সমাজের জন্য কিছু করতে চাওয়া এমন তরুণদের উৎসাহিত করা দরকার। শাহেদের মধ্যে আমরা সেই আগ্রহ ও স্পিডটা দেখেছি। সারা বাংলাদেশে জেনারেশন জেডের (জেন-জি) অনেক ছেলেমেয়ে আছে, যারা দেশ ও মানুষের জন্য কাজ করতে চায়।

এদিকে ঘুষ.সাইট সাড়া ফেলায় উচ্ছ্বসিত শাহেদ শরীফ আহমেদ। সিটি প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, মূলত ঘুষ.সাইটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকার কীভাবে এ উদ্যোগকে সহযোগিতা করতে পারে, তা নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে তার মূল বার্তা হলো-সরকারের কাছ থেকে যেকোনো ধরনের সহযোগিতা পেলে উপকৃত হবে এবং এ জন্য কৃতজ্ঞ থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত