ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সেপ্টেম্বরের তিন দিনেই ডেঙ্গুতে ঝরেছে ১৪ প্রাণ

সেপ্টেম্বরের তিন দিনেই ডেঙ্গুতে ঝরেছে ১৪ প্রাণ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু ও এক হাজার ২৫২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসেবে, চলতি সেপ্টেম্বরের প্রথম তিনদিনে এইডিস মশাবাহিত এ রোগে দেশে ১৪ জনের মৃত্যু হলো; আর হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৮৬ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় দুজন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৫২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১০১ জন। ১৩৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৭ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯ জন, চট্টগ্রামে ১৯৪ জন, খুলনায় ২৪৭ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১০৯, রংপুরে ২৭ এবং সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৩৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ৩৬ হাজার ৩৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো। চলতি বছর এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁয়িড়েছে ৮৮৭ জনে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মারা গেছে ৯৮৬ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২ জন ঢাকায় ও ১ জনের সিলেটে মৃত্যু হয়।

হামে নতুন আক্রান্ত ১ হাজার ৪৪ শিশু : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে ১ হাজার ৪৪ শিশু আক্রান্ত হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৮০। আর সন্দেহজনক হামের আক্রান্ত ৯৬৪ শিশু শনাক্ত হয়েছে।

হাম কীভাবে ছড়ায়? : স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭। তবে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ রোগী। অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত