ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশে সবুজ বিনিয়োগের সম্ভাবনা দেখছে স্পেন

বাংলাদেশে  সবুজ বিনিয়োগের সম্ভাবনা দেখছে স্পেন

বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বড় ধরনের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আগামী কয়েক বছরে বাংলাদেশে সবুজ বিনিয়োগেরও বড় সুযোগ রয়েছে বলে মনে করছেন দেশটির ব্যবসায়ী নেতারা। এরইমধ্যে বাংলাদেশ সফরে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে মাদ্রিদ চেম্বার অব কমার্স। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় এফবিসিসিআই। গত বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ: এ স্ট্র্যাটেজিক পার্টনার ইন দ্য গ্লোবাল ইকোনমি শীর্ষক সেমিনারে বাংলাদেশের অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মাদ্রিদ চেম্বার অব কমার্স এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বলেন, বাংলাদেশ এশিয়ার অন্যতম উদীয়মান ও গুরুত্বপূর্ণ বাজার। দেশটি টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের সঙ্গে ইউরোপের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো।

বাংলাদেশে সবুজ বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট। তার ভাষ্য, ২০১৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশে গ্রিন বিল্ডিং, পরিবহন, জলবায়ু-স্মার্ট কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণকে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন অ্যাঞ্জেলো আসেন্সিয়ো। তার মতে, তৈরি পোশাকের বাইরে নতুন নতুন খাতে রপ্তানি সম্প্রসারণ করা গেলে বাংলাদেশ ও ইউরোপের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে। সেমিনারে ইউরোপের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

মো. ফজলুল হক জানান, এসব খাতে বিনিয়োগকারীদের বিনামূল্যে জমি দেওয়ার মতো সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উৎপাদিত বিদ্যুৎ সরকার নির্দিষ্ট মূল্যে কেনার ব্যবস্থা করতে পারে। বাংলাদেশে ব্যবসা পরিচালনায় কিছু চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের মাধ্যমে লাভের সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে মাদ্রিদ চেম্বার অব কমার্সের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এফবিসিসিআইয়ের প্রশাসক। এর পরিপ্রেক্ষিতে মাদ্রিদ চেম্বারের প্রেসিডেন্ট জানান, আগামী নভেম্বরের মধ্যে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।

সেমিনারে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় বক্তব্য দেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্সের এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা এবং রিকভারের সাস্টেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হয়ে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রোচি এবং বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে বিটুবি নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের ব্যবসায়ীরা পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, স্পেন সফররত এফবিসিসিআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য, মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং ইউরোচ্যাম বাংলাদেশের প্রতিনিধিরা।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, শিল্প সংযোগ স্থাপন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ১১ দিনের সফরে ইউরোপে গেছে এফবিসিসিআইয়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। ২৬ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত