ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও ডেঙ্গু

২৪ ঘণ্টায় আরও ১৫ মৃত্যু

২৪ ঘণ্টায় আরও ১৫ মৃত্যু

দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যাও ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই দুটি রোগে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৯জন এবং ডেঙ্গুতে ছয় জন প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। হাম বিষয়ক বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছে।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৫ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮১, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে। বুলেটিনে আরও বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২২৮ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। যার মধ্যে এক হাজার ১৫৫ জন ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩০৯ জন, চট্টগ্রামে ৩১৩, সিলেটে ১৫৩, বরিশালে ১২৭, খুলনায় ৯৩, ময়মনসিংহ ৯৬, রাজশাহীতে ২৮ ও রংপুরে ৩৬ জন।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। শুধু হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, শনাক্তে নতুন রেকর্ড : মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২ হাজার ১৫৮ জন রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২৫ জনে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৭৩ হাজার ৬৯৪ জন।

এর আগে ডেঙ্গুতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হন গত ২২ সেপ্টেম্বর। সেদিন রেকর্ড ১ হাজার ৮৭২ জনের আক্রান্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে এদিন মারা যান পাঁচজন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৫০৮ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ৩৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, বরিশাল বিভাগে ২২৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন ও সিলেট বিভাগে ১২ জন রয়েছেন।

চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৮৪৮ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা।

এদিকে চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৬৩ জন। এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত