ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১৪ প্রাণ

হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও ১৪ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও এডিস মশা বাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে আটজন এবং ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৬৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০২০ জনে। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০২ জনের। সেই হিসেবে হামে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৬, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।

বুলেটিনে আরও বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ১৩ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। যার মধ্যে এক হাজার ৩ জন ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৯৯ জন, চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৪৯, রাজশাহীতে ২৫ ও রংপুরে ৩৩ জন। বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন। এদিকে হাম উপসর্গে রোগীর সংখ্যা দাড়াল ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন। যার মধ্যে ২১ হাজার ৬৬৬ জন রোগীর শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৫৬ জনের মৃত্যু হল। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২২৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ১৩১ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, ময়মনসিংহে ৭৯, রাজশাহী ১৩২ এবং রংপুরে ৬২ জন ভর্তি হয়েছেন। বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২১ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৮৪ হাজার ৩৬৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৮ হাজার ৪৮২ জন হাসপাতাল ছেড়ে গেছেন। বুলেটিন অনুসারে, চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত