
দেশের জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও আমদানির ওপর স্থায়ী নির্ভরতা কমানোই সরকারের প্রধান লক্ষ্য। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত 'সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ' শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে সোলার প্যানেল উৎপাদন ও সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ কর অব্যাহতিসহ নানামুখী নীতিগত সহায়তা দেওয়া শুরু করেছে। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে সরকার দ্রুততম সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে।
জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে তিনি জানান, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। এ ছাড়া বর্জ্যকে কেবল অপসারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের আধুনিক বৈশ্বিক পদ্ধতি সব শিল্পখাতে প্রয়োগের তাগিদ দেন তিনি।
পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এ খাতের যে সূচনা হয়েছিল, সেই সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার নীতিগত সুরক্ষা দিচ্ছে। পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বাস্কেট সম্প্রসারণ, শ্রমিকের অধিকার রক্ষা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর জোর দেন তিনি। দেশে এককভাবে পোশাক খাতেই প্রায় ৩০০টি 'লিড সার্টিফাইড' পরিবেশ বান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।
সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের কথা উল্লেখ করে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যুগান্তকারী জাতীয় অঙ্গীকার রূপায়ণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।